Wednesday, 7 September 2022

শর্মিষ্ঠা ঘোষের তিনটি কবিতা --

শর্মিষ্ঠা ঘোষের তিনটি কবিতা --



মায়া 

দল বেঁধে আসা মায়া হরিণীরা
গুছিয়ে বস হে প্ল্যান রেডি কর
এই সরু পথে বিপদ বেশি না
আরো বিস্তৃত বধ্যভূমিতে
দুই চার ছয় বিঘৎ গোটানো
জালকাঠি জুড়ে আঁশটে গন্ধ
মাছখেকো বুঝি লুব্ধ তাড়িত
অন্য রূটের সন্ধানে গেছে
আহা আরাধ্য গোটা গোটা লিপি
কালি ঘষটানো ফ্ল্যাটারি জনিত
সিদ্ধ মোটেই জন্ম নয় হে
ঘাটের সিঁড়ি তে ব্যাকরণ আছে
এক দুই চার লাফ চমকানো
মধ্যে সেতুরা স্রেফ ভেঙে আছে
মচকানো খুব উপকারী ব্যথা
হেঁটে চলে বোঝ হাঁটু টিকে গেছে


মাদক 

ছিটকে গেছে রেসিং কারের যুথবব্ধ ভ্রম
এখনও কিন্তু গোঙায় কানে মাদক ইঞ্জিন
আক্রিলিকে ফুটিয়ে তুলি তোমার বছর কুড়ি
পুরনো সেই কাবার্ড মানেই আঠেরো উনিশ স্কার্ট
তুমি আমি অন্যরকম লংড্রাইভে যাই
দিনের শেষে ফিরে আসলে একলা অন্ধকার
আমি আজও সেই আঠেরোর অনেক কিছু ভাবি
সঙ্গে কিন্তু এটাও জানি তুমিই নিখোঁজ সই



যদি 

তুমি যদি গোলাপ দিতে
আমিও হতাম সই
তুমি যখন কৃপাণ খোলা
আমার বাঁধা কই
তুমি আমার আদর হলে
আমিও বেড়াল পোষা
তুমি কেবল চোখ রাঙালে
আমার ঘৃণাও দই


No comments:

Post a Comment

দেবব্রত রায়ের তিনটি কবিতা --

দেবব্রত রায়ের তিনটি কবিতা -- ১ পাখিদের গণসংগীত সূর্যের দিকে পিঠ পালটানোর মুহূর্তে  দুষ্টু আত্মারা তোমাকে ছেড়ে চলে যায়  কারণ,ওই ...