হামিদুল ইসলামের গুচ্ছ কবিতা --
কারসাজির বির্নিমাণ--
এঁদো এঁদো জলজ বিনির্মাণ
দাবদাহ দুপুর
শুকনো কলতলা। সব কলতলা যেন প্রিয়ার রোদের ভূবন ।।
কথার দ্রাঘিমা মুছে ফেলি বারবার
আস্তিনে গুটিয়ে রাখি স্বপন
চিলেকোঠায় সাজানো রাত। ভূখাপেটা মানুষের নষ্ট বাসর ।।
কথার আসর ভাঙে গড়ে
ক্লান্তি মাখে নীরব জনপদ
আমাদের পায়ে পায়ে সুদীর্ঘ অমাবস্যা। জীবন চড়াই উৎরাই ।।
আগপাশতলা ঢেকে যায় মায়ায়
শহীদ মিনারে ক্ষুধার মিছিল
লাখো পায়ে পিশে যায় সভ্যতার বীজ। পিশে যায় কারসাজির বির্নিমাণ ।।
_______________________________________________________
ব্যর্থতা বরাবর
ইউক্রেণে যুদ্ধ
বারুদ ভর্তি জীবন
লাশের পাহাড় জমে উঠছে প্রতিদিন। হাঁপাচ্ছে সভ্যতা ।।
আগুন আগুন। আগুনে পুড়ছে দেশ
পুড়ে যাচ্ছে আকাশ
মাটি হাওয়া
পুড়ে যাচ্ছে কবিতার বই। শ্বাসে প্রশ্বাসে জমে উঠছে ধোঁয়া ।।
ভেঙে পড়ছে চেতনা
রক্তে ভাসছে নদী
রাজপথে শকুন চিল
ছিঁড়ে খাচ্ছে লাশ। লাশফুলে হাহাকার। লাশফুলে জীবনের যন্ত্রণা ।।
হিসেবের পালা
লাভ ক্ষতির হিসেব গরমিল
প্রতিটি রক্ত ফোঁটা ঢেকে দেয় পরাজয়ের গ্লানি আর ব্যর্থতা ।।
________________________________________________________
ঈশ্বরহীন মানুষ
দূর থেকে আরো দূরে যাই
যাওয়া হয় না
ফিরে আসি। মুছে ফেলি সমস্ত অভিমান ।।
অলীক বৃষ্টিতে ভিজে যায় প্রাচীন শহর
বৃষ্টিতে ভিজি
অস্বস্তিগুলো ভেজে না
আগুন হয়ে প্রতিদিন ফিরে আসে বারবার ।।
পুড়ে যাই
জ্বলে যাই
চিতার আগুন নেভে না
পড়ে থাকে ছাই। আমার চিতার জ্বলন্ত ছাই ।।
সব মানুষই একদিন চিতা। সব মানুষই একদিন ঈশ্বরহীন মানুষ ।।
______________________________________________________
দুপুর
জলের ছায়ায় পড়ে আছে একলা দুপুর
নির্জন ছবিঘর
দূরে ট্রেণ লাইন। কু ঝিকঝিক
আধশোয়া রোদে স্টেশন চত্বরে ঘুমিয়ে আছে মন খারাপের স্মৃতিগুলো ।।
সবার হাতে লোডিং
পায়ে পায়ে পৃথিবী পরিক্রমা
আমার পাশ ঘেঁসে এক অচিন যুবতী। ওর খোঁপায় সাজিয়ে রাখি দুপুর ।।
সব ছায়া নেমে আসে জলে
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে দুপুর
ময়ূরবনে রুক্ষ দুপুরের হাট। দুপুর খুঁটে খুঁটে খায় আমার অভুক্ত দুটি চোখ ।।
হারিয়ে যায় যুবতী। হারিয়ে যায় ছায়া
দুচোখের ফোকর গলে হারাতে চায় দুপুর। কিন্তু কিছুতেই পারে না ।।
__________
আমরা ও আমরা
ঝুপ ঝুপ অন্ধকার
তুলসীতলায় জমে ওঠে কুয়াশা
পোয়াতি গাছে ঢেউ লাগে। অশান্ত হাওয়া ।।
কারা যেনো মুখোশে ঢাকে মুখ
হাজার হাজার পরিযায়ী কীট
প্রতিদিন রাতের আঁধারে নিখোঁজ হয়ে যায় ।।
বন্দরে বন্দরে সাজাই ফেরি
নোঙর করি জীবন
ঈশান কোণে মেঘ। ভিজে যায় আতস কাচের বাসি শহর ।।
আমরা স্বপ্ন কুড়োই
চেতনা কুড়োই
ফেলে আসি জলের বসত। ফেলে আসি প্রাচীন শৈশব ।।
_______________________________________________________
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর। মোঃ+হোঃ=8637316460।
_______________________________________________________
No comments:
Post a Comment